চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের নিহত ৫ নারীর দাফন সম্পন্ন

দেশজুড়ে
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের নিহত ৫ নারীর দাফন সম্পন্ন
নিউজ ডেস্ক
৬ নভেম্বর ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ নারীর মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক দুটি জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনজনের এবং ফালগুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুইজনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শত শত মানুষ অংশ নিয়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।

নিহতরা হলেন— চান্দিশকরা গ্রামের উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), তার মা রুমি বেগম (৬৫), বোন সাদিয়া হক পাটোয়ারী (২৪), শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫) ও শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫)।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর রাতে ঢাকার উত্তরার বাসা থেকে কক্সবাজার ভ্রমণের উদ্দেশে ভাড়া করা একটি মাইক্রোবাসে রওনা দেন উদয় পাটোয়ারী ও তার পরিবার। পথে চৌদ্দগ্রাম থেকে পরিবারের আরও তিন সদস্য গাড়িতে ওঠেন।

পরদিন (৫ নভেম্বর) সকালে তাদের মাইক্রোবাসটি চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ নারী নিহত হন।

দুর্ঘটনায় উদয় পাটোয়ারী, তার শিশু পুত্র সামাদ এবং শ্যালক শাহেদ মজুমদার লিশান (২২) গুরুতর আহত হন। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে লিশানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে, একসঙ্গে পাঁচ নারীর মৃত্যুতে চান্দিশকরা ও ফালগুনকরা দুই গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এলাকাবাসী জানাজা ও দাফনে অংশ নিয়ে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান।