বুড়িমারীতে সিসা ও উচ্চদামের ওষুধসহ ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে একটি ভারতীয় ট্রাক থেকে ২৭২ কেজি সিসা ও বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ভারতীয় ট্রাকচালক সমীর পালকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে ভারতে ফেরার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ট্রাকটি তল্লাশি করে এসব মালামাল উদ্ধার করেন।
আটক ট্রাকচালক সমীর পাল ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার চ্যাংড়াবান্ধা এলাকার বাসিন্দা। তার পিতার নাম গৌরাঙ্গ পাল।
৬১-বিজিবি ব্যাটালিয়নের সূত্র জানায়, বুড়িমারী স্থলবন্দর চেকপোস্ট কমান্ডার আনজারুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল ট্রাকটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় বিশেষভাবে লুকানো অবস্থায় ২৭২ কেজি সিসা এবং উচ্চমূল্যের ওষুধ পাওয়া যায়।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (প্রশাসন) রতন সরকার বলেন,
“ট্রাকটি বন্দরে পাথর খালাস শেষে ভারতে ফেরার সময় চেকপোস্টে তল্লাশিকালে এসব পণ্য জব্দ করা হয়।”
বন্দরের সাধারণ ব্যবসায়ীরা জানিয়েছেন, কিছু অসাধু চক্র ভারতীয় ট্রাকচালকদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে ধাতু ও ওষুধ পাচারের চেষ্টা চালিয়ে আসছে।
বিজিবি চেকপোস্ট কমান্ডার আনজারুল ইসলাম বলেন,
“জব্দকৃত সিসা ও ওষুধ বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। আটক ভারতীয় চালকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।”


