নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা মাদক মামলায় আব্দুল জলিল (৩৫) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
সাজাপ্রাপ্ত আব্দুল জলিল শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মো. মহিউদ্দিন সরদারের ছেলে।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২৪ সালের ৪ মার্চ নারায়ণগঞ্জের রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসের সামনে অবস্থানকালে র্যাব-১১ এর একটি দল আ. জলিলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল স্বীকার করেন যে তিনি নিয়মিত ফেন্সিডিল বেচাকেনার সঙ্গে জড়িত।
ঘটনার পর র্যাব-১১ এর পক্ষ থেকে তাকে নারায়ণগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।


