নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত জনজীবন, নিহত ৫

দেশজুড়ে
নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত জনজীবন, নিহত ৫
নিউজ ডেস্ক
২২ নভেম্বর ২০২৫

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে নরসিংদী জেলাজুড়ে অনুভূত হওয়া শক্তিশালী ভূমিকম্পে আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়রা। স্মরণকালের অন্যতম ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বহু মানুষ আহত হয়েছেন এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে অবকাঠামোতেও।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী এলাকায়। ফলে পলাশ, মাধবদী ও শহরের বিভিন্ন স্থানে ব্যাপক কম্পন অনুভূত হয়। সরেজমিনে দেখা গেছে, জেলার একাধিক উচ্চ ভবনে ফাটল দেখা দিয়েছে। পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে মাটি ধসে পড়েছে এবং প্রধান ফটকের সামনের টিনশেডের মেঝে ফেটে গেছে। ঘোড়াশাল ডেইরি ফার্মেও মাটিতে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে, যার প্রস্থ ৬ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ভূমিকম্পের ধাক্কায় কেন্দ্রটির সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এতে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ভস্মীভূত হয় এবং অন্যান্য ট্রান্সফরমারের সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘোড়াশাল এলাকার আবাসিক ভবনগুলোর ওপরও পড়েছে কম্পনের প্রভাব। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার ছয়টি বাড়িতে বড় ধরনের ফাটল দেখা গেছে। এছাড়া এস এ প্লাজা নামের সাততলা একটি শপিং মলে দেয়াল ও সিলিং থেকে ইট পড়ে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। নরসিংদী শহর, মাধবদী ও পলাশে বেশ কয়েকটি ভবনের হেলে পড়ার খবর পাওয়া গেছে, যা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।

এ বিষয়ে নরসিংদীর জেলা প্রশাসক আনোয়ার হোসেন জানান, প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসককে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা করছেন, আগামী দিনের মধ্যেই সব তথ্য পাওয়া যাবে। নিহতদের পরিবারকে দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।