ফের বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

দেশজুড়ে
ফের বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ
নিউজ ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পিছিয়ে দেওয়ার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো রেললাইন অবরোধ করেছেন। তাদের এ কর্মসূচির কারণে রোববার দুপুরের আগে থেকেই ঢাকা–ময়মনসিংহ রুটে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড় সংলগ্ন রেলপথে শিক্ষার্থীরা অবস্থান নিলে তিস্তা এক্সপ্রেসসহ চলাচলরত ট্রেন থেমে যায়। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, শিক্ষার্থীদের সরিয়ে নিতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

শনিবার (২২ নভেম্বর) একই দাবিতে শিক্ষার্থীরা একই স্থানে রেলপথ অবরোধ করেছিলেন। বিকেল ৫টার দিক থেকে রাত পর্যন্ত অবরোধ চলায় ঢাকা-ময়মনসিংহ রুটে তিস্তা, মহুয়া, মোহনগঞ্জ এক্সপ্রেসসহ একাধিক ট্রেন আটকে পড়ে। রাত ৮টার দিকে শিক্ষার্থীরা প্রতীকী কর্মসূচি হিসেবে পরীক্ষার প্রবেশপত্র পোড়ানোর পর অবরোধ তুলে নেয়ায় রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

একই দিন রাত ১১টার দিকে শিক্ষার্থীরা আবারও জব্বার মোড়ে রেললাইনে নেমে আসেন। তখন ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনটিও আটকে পড়ে। প্রায় এক ঘণ্টা পরিস্থিতি অচল থাকার পর বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা রেললাইন থেকে সরলে রাত ১২টার দিকে ট্রেন চলাচল আবারও শুরু হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ঘোষণার সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয়ের টার্ম ফাইনাল পরীক্ষার সময়সূচি মিলে গেছে। এতে দুই ধরনের পরীক্ষায় অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তাই তারা লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানাচ্ছেন।