বন্দরে ‘চোর’ সন্দেহে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা: পুলিশের অভিযান চলছে

দেশজুড়ে
বন্দরে ‘চোর’ সন্দেহে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা: পুলিশের অভিযান চলছে
নিউজ ডেস্ক
২৪ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের বন্দরে চোর অপবাদ দিয়ে পারভেজ (৩০) নামে এক নির্মাণশ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে সোনাচড়া এলাকার মেসবাহ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি বন্দরের ঢাকেশ্বরী এলাকায় বুলবুল মিশার বাড়িতে ভাড়া থাকতেন।

পারভেজের স্ত্রী খাদিজা বেগম দাবি করেন, তার স্বামী নিরপরাধ। তিনি বলেন, “পারভেজ একজন নির্মাণশ্রমিক। তাকে রাতে ধরে নিয়ে গিয়ে বৈদ্যুতিক তার চুরির মিথ্যা অভিযোগে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে স্থানীয়দের সঙ্গে কথা বলছে।