মাদরাসায় যেতে গিয়ে বাসচাপায় শিশুর মৃত্যু, চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ
চাঁদপুর–কুমিল্লা মহাসড়কে বাসচাপায় মাহফুজ হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল নাগাদ চাঁদপুরের মহামায়া পশ্চিম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতের পর ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়।
নিহত মাহফুজ জামিউলতুল ইসলামীয়া সামছুল উলুম মহামায়া মাদরাসার শিক্ষক মাঈনুল হকের ছেলে। সে একই প্রতিষ্ঠানের হেফজ বিভাগের ছাত্র ছিল।
শিশুটির মা জয়নব বেগম জানান, প্রতিদিনের মতো সেদিনও তিনি ছেলেকে সঙ্গে নিয়ে আরবি পড়াতে মাদরাসার পথে ছিলেন। রাস্তা পার হওয়ার এক পর্যায়ে মাহফুজ তার হাত ছেড়ে দৌড়ে যায়। ঠিক সেই সময় কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত সড়কে নামেন এবং বাস চলাচল বন্ধ করে দেন। এতে প্রায় দুই ঘণ্টা ওই রুটে যান চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাঁদপুর সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা মিন্টু দত্ত বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


