চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ ঠেলে পাঠানো ১৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১১ নারী-শিশুসহ মোট ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (১৪ ডিসেম্বর) ভোরে উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে আসতে দেখা যায়।
এরপর ১৬ বিজিবি ব্যাটালিয়নের বিভীষণ বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। বিভীষণ বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান জানিয়েছেন, আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন নারী এবং ২ জন শিশু রয়েছেন। তাদের বাড়ি ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলায়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, আটকরা প্রায় দুই বছর আগে বিভিন্ন সময়ে কাজের উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন। বর্তমানে তাদের পরিচয় ও ঠিকানা যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


