শেরপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধের নির্দেশ
শেরপুরে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী পরিচালিত অভিযানে ইটভাটার মালিকদের কাছ থেকে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ভাটাগুলোর সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ এবং নিলুফা ইয়াছমিন মিতুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আদালতে প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম।
অভিযানে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের তাতালপুর মনকান্দা এলাকায় অবস্থিত মেসার্স এম আর এইচ ব্রিকস–১, মেসার্স এম আর এইচ জিগজ্যাগ ব্রিকস–২ ও মেসার্স এম আর এইচ জিগজ্যাগ ব্রিকস–৩ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের সময় ভাটাগুলোর কাঁচা ইট ভেঙে ফেলা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলেও তিনি জানান।


