১৬ মাসে আওয়ামী লীগের পুনর্বাসন, সরকারের ব্যর্থতায় গুপ্তহত্যা বাড়ছে: রাশেদ খাঁন
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন অভিযোগ করেছেন, গত ১৬ মাসে বিভিন্নভাবে আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে। এর ফলে দলটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় তাদের দুর্বৃত্তরা এখন গুপ্তহত্যার মতো অপরাধে জড়িয়ে পড়ছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারের অযোগ্যতা, অদক্ষতা এবং উপদেষ্টাদের মধ্যে চরম সমন্বয়হীনতা স্পষ্টভাবে সামনে এসেছে। সরকার সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবে প্রতিফলিত হয়নি। তিনি দাবি করেন, একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রব্যবস্থার কথা বলা হলেও বাস্তবে আমেরিকা বা ইউরোপের মতো কার্যকর রাষ্ট্র কাঠামোর কোনো উদাহরণ দেখা যায়নি।
তিনি আরও বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র গঠন। কিন্তু বিজয়ের এত বছর পরও সেই লক্ষ্য অর্জিত হয়নি। আজও নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলতে হচ্ছে, যা মুক্তিযুদ্ধকালীন স্বপ্নেরই প্রতিফলন।
এ সময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।


