কক্সবাজারে সীমান্তমুখী অস্ত্র সরঞ্জাম জব্দ, তিনজন আটক
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু-নাইক্যংছড়ি সড়ক দিয়ে মিয়ানমার সীমান্ত এলাকায় নেওয়ার পথে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার সরঞ্জাম (বাউন্ডলি) জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোররাতে রামু-নাইক্যংছড়ি সড়কের মাথায় পুলিশের অস্থায়ী চেকপোস্টে একটি মিনি ট্রাক তল্লাশি করে এসব সরঞ্জাম জব্দ করা হয় বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া।
আটকরা হলেন বান্দরবান জেলার নাইক্যংছড়ি উপজেলার শাহজাহান (২৫), মো. ইলিয়াছ (১৯) ও আতিকুর রহমান (২৫)। তারা সবাই নাইক্যংছড়ির বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়। ভোর রাত প্রায় ২টার দিকে সন্দেহভাজন মিনি ট্রাকটি থামানোর সংকেত দিলে চালক ও তার সহযোগীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়। গাড়িটি তল্লাশি করে ৩২টি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ১ হাজার ৬০০টি বাউন্ডলি উদ্ধার করা হয়।
ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে এসব সরঞ্জাম মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত একটি সশস্ত্র গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার করা বাউন্ডলিগুলো সেনাবাহিনীর পোশাকের মতো হলেও তা সরকারি বাহিনীর ব্যবহৃত নয়। তবে কোনো সশস্ত্র গোষ্ঠীর জন্য মজুত করা হচ্ছিল বলে পুলিশের ধারণা। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, “এত বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম কারা, কোথা থেকে এবং কোন উদ্দেশ্যে বহন করছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”


