ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির নেতারা।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ফরিদ উদ্দিন খান নয়ন, সাধারণ সম্পাদক পার্থ পাল, জিয়া মঞ্চ ফেনী জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঞা সবুজ, ছাগলনাইয়া উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাফর আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা। আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আরিফুর রহমান, জাহিদ হোসেন কমল, ফুলগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব নরুল হুদা শাহীন এবং ছাত্রদল নেতা মুনির আহমেদ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে আবু তালেব বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষেই এই মনোনয়ন ফরম নেওয়া হয়েছে। তিনি বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তবে দেশের মানুষের দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আবু তালেব আরও বলেন, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া এলাকার মানুষ তাদের প্রিয় নেত্রীকে সংসদ সদস্য হিসেবে দেখতে আগ্রহী। জনগণের এই প্রত্যাশাই তাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।


