সুন্দরবনে শিকারিদের ফাঁদে আটকে পড়া পূর্ণবয়স্ক বাঘ উদ্ধার, নেওয়া হচ্ছে খুলনায়

দেশজুড়ে
সুন্দরবনে শিকারিদের ফাঁদে আটকে পড়া পূর্ণবয়স্ক বাঘ উদ্ধার, নেওয়া হচ্ছে খুলনায়
নিউজ ডেস্ক
৪ জানুয়ারি ২০২৬

সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘকে উদ্ধার করেছে বনবিভাগের বিশেষজ্ঞ দল। বাঘটিকে অচেতন করে খাঁচায় বন্দি অবস্থায় খুলনায় নেওয়া হচ্ছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ‘ট্রানকুইলাইজার গান’ ব্যবহার করে বাঘটিকে অচেতন করা হয়। পরে নিরাপদভাবে ফাঁদ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়।

বনবিভাগ সূত্র জানায়, উদ্ধার হওয়া বাঘটির সামনের বাম পা ফাঁদে আটকে গুরুতর জখম হয়েছে। ধারণা করা হচ্ছে, বাঘটি অন্তত চার থেকে পাঁচ দিন ধরে ফাঁদে আটকে ছিল, যার ফলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, উদ্ধার বাঘটিকে খুলনায় বনবিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে নেওয়া হচ্ছে। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা, স্যালাইন ও ওষুধ দেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে বাঘটির ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পর বনবিভাগের কাছে খবর আসে, মোংলার শরকির খাল থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে শিকারিদের ফাঁদে একটি বাঘ আটকে আছে। খবর পাওয়ার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। রোববার ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ভেটেরিনারি সার্জন ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডাটা কো-অর্ডিনেটর মো. মফিজুর রহমান চৌধুরী বলেন, পরিকল্পিতভাবে ট্রানকুইলাইজার ব্যবহার করে বাঘটিকে অচেতন করা হয়। উদ্ধার শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হচ্ছে।