সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে রাজবাড়ীতে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭০টি ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে-কলমে নির্বাচনী দায়িত্ব পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টায় বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়াম হলরুমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, পিপিএম-সেবা, রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার সেক মুহাম্মদ জালাল উদ্দিন, বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।
এসময় বালিয়াকান্দি বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার, বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ সহ উপজেলার ৭০ টি ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার বলেন, নির্বাচনী কার্যক্রম নিয়ে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং অফিসারদের নির্বাচনী দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলকে দায়িত্বশীল হয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন।


