হাতপাখার নারী কর্মীদের ওপর জামায়াতের হামলার অভিযোগ, আহত ৩

দেশজুড়ে
হাতপাখার নারী কর্মীদের ওপর জামায়াতের হামলার অভিযোগ, আহত ৩
নিউজ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৬

ভোলা-৪ আসনে নির্বাচনী প্রচারণা চলাকালে ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে দলটির মনোনীত প্রার্থী কামাল উদ্দিনের তিন কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। হামলার অভিযোগ উঠেছে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে, যখন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চলছিল।

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল, তার দুই ভাই ও কয়েকজন নারী কর্মী সকালে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তফা কামালের কর্মী হিসেবে পরিচিত সোহেল ও আলাউদ্দিন তাদের প্রচারণায় বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়।

চরফ্যাশন প্রেসক্লাবে দেওয়া লিখিত বক্তব্যে মারিয়া কামাল অভিযোগ করেন, প্রচারণা বন্ধের হুমকি দিয়ে জামায়াত কর্মীরা দলবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন নারী কর্মী আহত হন।

ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিন বলেন, “আমাদের নারী কর্মীদের ওপর হামলা চালিয়ে পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এতে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।”

এ ঘটনার পর অভিযুক্ত জামায়াত কর্মীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মো. শরিফ বলেন, “ঘটনায় আমাদের কোনো কর্মী জড়িত থাকলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তাকে বিষয়টি জানানো হয়েছে। তবে তারা নিজেরাই সমঝোতার উদ্যোগ নিচ্ছে বলেও জানিয়েছেন।