তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান জুলাই শহীদ আবু সাইদের বাবা

দেশজুড়ে
তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান জুলাই শহীদ আবু সাইদের বাবা
৩০ জানুয়ারি ২০২৬

জুলাই শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন বলেছেন, আগামী প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে চান। শুক্রবার সন্ধ্যায় তারেক রহমান রংপুর সফর শেষে চলে যাওয়ার পর গণমাধ্যমের কাছে এ মন্তব্য করেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

কবর জিয়ারত শেষে তারেক রহমান চলে যাওয়ার পর আবু সাইদের বাবা মকবুল হোসেন বলেন, তারেক রহমান তাকে আশ্বাস দিয়েছেন যে, প্রধানমন্ত্রী হলে আবু সাইদ হত্যাকাণ্ডসহ জুলাইয়ে সংঘটিত অন্যান্য হত্যার বিচার নিশ্চিত করবেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া রংপুর অঞ্চলের উন্নয়নে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এজন্যই তিনি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে জানান মকবুল হোসেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “আমি তারেক রহমানের কাছে আমার ছেলের হত্যা সহ অন্যান্য হত্যাকাণ্ডের বিচার দাবি করেছি। পাশাপাশি রংপুর অঞ্চলে কর্মসংস্থানের অভাবের কথা তুলে ধরে একটি চিনি কল ও শিল্পকারখানা স্থাপনের দাবি জানিয়েছি, যাতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়।”

এছাড়াও তিনি আবু সাইদের নামে একটি মসজিদ ও একটি স্টেডিয়াম নির্মাণের জন্য সহায়তা চেয়েছেন বলে জানান। মকবুল হোসেন বলেন, “তারেক রহমান আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ক্ষমতায় এলে এসব দাবি বাস্তবায়নে উদ্যোগ নেবেন।”

আবু সাইদের বোন সুমি খাতুন বলেন, তারেক রহমান তাদের পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং এলাকার উন্নয়নের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। “আমাদের পক্ষ থেকে মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানানো হয়েছে, যাতে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। পাশাপাশি জুলাই শহীদদের হত্যাকাণ্ডের বিচার আমাদের অন্যতম প্রধান দাবি,” বলেন তিনি।

আবু সাইদের মা মনোয়ারা বেগম বলেন, তারেক রহমান তাদের বাড়িতে এসে খোঁজখবর নেওয়ায় তিনি আবেগাপ্লুত। “তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি কেমন আছি এবং আমার পরিবার কেমন আছে। তিনি বলেছেন, যদি ক্ষমতায় আসেন, তাহলে আমাদের জন্য কিছু করবেন,” বলেন মনোয়ারা বেগম।

এদিকে, জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে রংপুরে নিজের কর্মসূচি শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরের অংশ হিসেবে রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।