চাঁপাইনবাবগঞ্জকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের

দেশজুড়ে
চাঁপাইনবাবগঞ্জকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের
১ ফেব্রুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মো: নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতে ইসলামী দুর্নীতি করবে না এবং কাউকেও করতে দেবে না। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ চাঁপাইনবাবগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার আব্দুস সামাদ কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, সারা দেশে এখন দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে একটি পরিবারের দুই ভাইয়ের শাসন ও নির্যাতন দেখেছে। এবার মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। তিনি বলেন, নির্বাচিত হলে নারীদের অধিকার প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব হ্রাসে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বেকার ভাতা দিয়ে যুবকদের নির্ভরশীল না করে প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই জামায়াতে ইসলামীর লক্ষ্য।

চারাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চর ও দিয়ার এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার এবং এসব এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী দুর্নীতি করবে না এবং কাউকেও করতে দেবে না। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ চাঁপাইনবাবগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার।

নির্বাচনী এই জনসভায় অন্যান্য বক্তারা বলেন, নূরুল ইসলাম বুলবুল নির্বাচিত হলে চর ও দিয়ার অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। চরাঞ্চলের মানুষের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে কার্যকর ভূমিকা রাখা হবে। বক্তারা আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জকে আর চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। সুশাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে ও চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নূরুল ইসলাম বুলবুলকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

জনসভা শেষে সুন্দরপুর ইউনিয়নের বিএনপির ২৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীমের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।