টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনান (১২) আর বেঁচে নেই। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় টানা ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়।
ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে সকাল ৯টা ৪৫ মিনিটে চিকিৎসকরা হুজাইফাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।
হুজাইফার চাচা শওকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “সকালে চিকিৎসকরা আমার ভাতিজিকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে। সবাই তার জন্য দোয়া করবেন।”
গত ১১ জানুয়ারি সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় নিজ বাড়ির পাশে অবস্থানকালে মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় স্থানীয় জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা আফনান। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
দুই দিন পর, ১৩ জানুয়ারি, মাথায় বিদ্ধ গুলিটি অপসারণ করা সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হুজাইফাকে ঢাকায় পাঠানো হয়। জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ সে সময় গণমাধ্যমকে জানিয়েছিলেন, অস্ত্রোপচার করা হলেও ঝুঁকির কারণে মস্তিষ্কে প্রবেশ করা গুলিটি বের করা সম্ভব হয়নি। তবে মস্তিষ্কের চাপ কমানোর চেষ্টা করা হয়েছিল।
সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল ও বোমা বিস্ফোরণের ঘটনা বেড়েছে। মংডু টাউনশিপসহ সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে দেশটির জান্তা বাহিনীর অভিযান জোরদার হয়েছে। এর ফলে সীমান্তে গোলাগুলির প্রভাব পড়ছে বাংলাদেশের ভেতরের জনপদে।
টেকনাফের বিভিন্ন এলাকায় গোলার শব্দে ঘরবাড়ি কেঁপে ওঠার পাশাপাশি ছোড়া গুলি এসে পড়ছে বসতবাড়ি, চিংড়িঘের ও নাফ নদীতে। হুজাইফার মৃত্যু সীমান্তে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পৃথক শোকবার্তায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারী হুজাইফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে স্থানীয় বাসিন্দারা সীমান্তে নিরস্ত্র মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


