ক্ষমতায় টিকে থাকতে বিএনপি হত্যার পথ নেবে না: হাবিবুন নবী
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাননি, কিন্তু জনগণের চাপে তাকে সরে যেতে হয়েছে। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে কখনোই মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকার রাজনীতি করবে না।
সোমবার (৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাবিবুন নবী খান সোহেল বলেন, “যেদিন দেশের মানুষ বলবে তারা তারেক রহমানের নেতৃত্ব আর চায় না, সেদিনই তিনি কোনো দ্বিধা ছাড়াই ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়ে সরে দাঁড়াবেন। বিএনপির রাজনীতি জনগণের ইচ্ছার ওপরে প্রতিষ্ঠিত।”
তিনি আরও বলেন, “কিছু মানুষ বিএনপির বিরুদ্ধে গিবত ছড়াচ্ছে। আপনারা জানেন, গিবত করা কত বড় গুনাহ। তারা বলছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। আমাদের প্রিয় নবী (সা.) কি কখনো জান্নাতের টিকিট বিক্রি করেছেন? এসব কথাবার্তা ভণ্ডামি ও প্রতারণা ছাড়া কিছু নয়।”
বিএনপির জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণ বিএনপির রাজনীতি দেখেছে, পরীক্ষা করেছে। তাই মানুষের মধ্যে দলের প্রতি আস্থা তৈরি হয়েছে। পাশাপাশি মানুষ তারেক রহমানকে চেনে এবং জানে বিএনপি কারো গোলামি করে না।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জমিয়তে ইসলাম জেলা শাখার সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, জেলা গণফোরাম সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিয়াজী এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল উদ্দিন চৌধুরী।


