ফরিদপুরে ভোটকেন্দ্রের পাশে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
ফরিদপুর-১ আসনের মধুখালী উপজেলার ডুমাইন বাজারে একটি ভোটকেন্দ্রের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বাজারের একটি মাংসের দোকান থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোটগ্রহণ চলাকালে সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি জব্দ করে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, উদ্ধারকৃত বস্তুটি প্রকৃত বোমা নয়। এতে ব্যাটারি ও তার প্যাঁচানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই কেউ এটি সেখানে রেখে গেছে।
তিনি আরও বলেন, “এটি মারাত্মক কিছু নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোটগ্রহণে কোনো বিঘ্ন ঘটেনি।”
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


