লালমনিরহাটে ভোটকেন্দ্র থেকে পুলিশের পোশাক পরিহিত নারী আটক

দেশজুড়ে
লালমনিরহাটে ভোটকেন্দ্র থেকে পুলিশের পোশাক পরিহিত নারী আটক
১২ ফেব্রুয়ারি ২০২৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এক মানসিকভাবে অসুস্থ নারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভাদাই গিরিজা সংকর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই নারীর স্থায়ী বাড়ি উপজেলার নামরী বাজার এলাকায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করছিলেন। কোনোভাবে পুলিশের একটি পুরনো ইউনিফর্ম সংগ্রহ করে সেটি পরিধান করে তিনি আদিতমারী এলাকায় চলে আসেন। ভোটকেন্দ্রের সামনে পুলিশের পোশাকে তাকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করা যায়। পরিস্থিতি বিবেচনায় বিষয়টি আদিতমারী থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন। কীভাবে তিনি পুলিশের পুরনো ইউনিফর্ম সংগ্রহ করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ওই নারীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।