নওগাঁর ৬ টি আসনে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩১.৯৩ শতাংশ

দেশজুড়ে
নওগাঁর ৬ টি আসনে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩১.৯৩ শতাংশ
১২ ফেব্রুয়ারি ২০২৬

নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনে সাড়ে ৪ ঘণ্টায় গড়ে ৩১ দশমিক ৯৩ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, নওগাঁ-১ আসনে ৩৩ শতাংশ, নওগাঁ-২ আসনে ৩৭ দশমিক ৫৬ শতাংশ, নওগাঁ-৩ আসনে ৩২ দশমিক ২৫ শতাংশ, নওগাঁ-৪ আসনে ৩৭ শতাংশ, নওগাঁ-৫ আসনে ২৩ শতাংশ এবং নওগাঁ-৬ আসনে ২৮ দশমিক ৮০ শতাংশ ভোট পড়েছে। এ হিসাবের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট অন্তর্ভুক্ত করা হয়নি। এর আগে সকাল সাড়ে ৭টায় জেলার ৬টি আসনের ৭৮২টি ভোটকেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়।

সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক ভালো দেখা গেছে। নারী ও পুরুষ ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি ভোটকেন্দ্র ও এর আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মোবাইল টিমও মাঠে সক্রিয় রয়েছে। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নওগাঁর ৬টি আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব আসনে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন, নারী ভোটার ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২১ জন।