লোহাগাড়ায় গরুর শিংয়ের আঘাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

দেশজুড়ে
লোহাগাড়ায় গরুর শিংয়ের আঘাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নিউজ ডেস্ক
১১ মার্চ ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গরুর শিংয়ের আঘাতে শারাবন তাহুরা নিজুম (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের পেছনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজুম লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান নজরআলী সিকদার পাড়া এলাকার মাহফুজুর রহমানের মেয়ে। তিনি পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, কোচিং পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ে যাওয়ার সময় স্কুলের পেছনের গেট এলাকায় বাজারে বিক্রির জন্য আনা একটি গরু হঠাৎ তেড়ে আসে। এ সময় গরুটি শিং দিয়ে আঘাত করলে নিজুম পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিশোয়ার সাদিয়া জানান, গরুর শিংয়ের আঘাতে গুরুতর আহত অবস্থায় এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।