খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

দেশজুড়ে
খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি
নিউজ ডেস্ক
১৯ মার্চ ২০২৬

খুলনায় সশস্ত্র হামলায় একই পরিবারের চার সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে লবনচরা থানার খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। তাদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের একটি ব্যক্তিগত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। কয়েক বছর আগে রাশিদুল একটি মামলায় কারাগারে থাকাকালে ইমরান নামে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন। সেই সূত্রে ইমরানের পরিবারের সঙ্গে যোগাযোগ তৈরি হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরবর্তীতে, ইমরান পুনরায় কারাগারে গেলে তার স্ত্রী ফাহিমার সঙ্গে রাশিদুলের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায় ছয় মাস আগে তারা বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে ইমরান ক্ষুব্ধ হন এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার সকালে ইমরানসহ কয়েকজন সশস্ত্র ব্যক্তি বাড়িতে ঢুকে গুলি চালায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে এটি ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধের জেরে সংঘটিত হামলা বলে ধারণা করা হচ্ছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।