লাখাইয়ে পূর্ব বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২৫
হবিগঞ্জের লাখাই উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ শহরের বাসিন্দা সাইফুল মিয়ার সঙ্গে মশাদিয়া গ্রামের কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রোববার দুপুরে সাইফুল মিয়া তার বন্ধু সবুজ মিয়ার সঙ্গে দেখা করতে ওই গ্রামের একটি মাঠে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করে।
ঘটনার খবর পেয়ে সবুজ মিয়াসহ স্থানীয় কয়েকজন বিষয়টি জানতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে দুই পক্ষের স্বজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


