ইউটিউব দেখে গাঁজা চাষ, চাঁদপুরে যুবক আটক

দেশজুড়ে
ইউটিউব দেখে গাঁজা চাষ, চাঁদপুরে যুবক আটক
নিউজ ডেস্ক
৩০ মার্চ ২০২৬

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ইউটিউব দেখে গাঁজা চাষ করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) রাতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

আটক বিল্লাল হোসেন (৪০) উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের বাসিন্দা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিল্লাল হোসেনের বাড়ি থেকে অন্তত ২৫টি পরিণত গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে থানায় নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া থানার এক কর্মকর্তা জানান, বিল্লাল তার নিজস্ব জমিতে এসব গাছের চাষ করেছিলেন।

পুলিশ হেফাজতে বিল্লাল গণমাধ্যমকে জানান, ইউটিউবের ভিডিও দেখে তিনি গাঁজা চাষে আগ্রহী হন এবং বাড়ির সামান্য জায়গায় পরীক্ষামূলকভাবে গাছ লাগান। নিজের কর্মকাণ্ডের জন্য অনুশোচনাও প্রকাশ করেন তিনি।

ফরিদগঞ্জ থানার ওসি জানান, উদ্ধার হওয়া গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।