গরু চুরি করতে গিয়ে কুকুরের কামড়ে আহত চোর
বরগুনার আমতলী উপজেলায় গরু চুরি করতে গিয়ে বাড়ির পালিত কুকুরের কামড়ে আহত হয়েছেন এক ব্যক্তি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনাটি ঘটে বুধবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার চাওড়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে।
আটক ব্যক্তির নাম সোবাহান মৃধা (৫৫)। তিনি একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিমপুর গ্রামের আহসানুল করিম নিয়াজ চাকরিসূত্রে ঢাকায় অবস্থান করেন। তার পরিবারের সদস্যরা গ্রামে বসবাস করেন। সম্প্রতি গরু চুরি ঠেকাতে বাড়িতে একটি কুকুর পোষা হয়। ঘটনার রাতে সোবাহান মৃধা গোয়ালঘরে প্রবেশ করলে কুকুরটি তাকে কামড় দেয়, এতে তিনি আহত হয়ে পড়ে যান।
পরে কুকুরের ডাক শুনে বাড়ির গৃহিণী তানিয়া আক্তার সুখী বাইরে এসে তাকে আটক করেন। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গৃহিণী তানিয়া আক্তার সুখী বলেন, “গরু চুরি করতে ঢোকার সময় আমার পোষা কুকুর তাকে ধরে ফেলে। পরে আমরা তাকে আটক করে পুলিশে দিই।”
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এর মেডিকেল অফিসার ডা. রাসেল চৌধুরী জানান, আহত ব্যক্তির শরীরে কুকুরের কামড়ের একাধিক ক্ষত রয়েছে এবং তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
এ বিষয়ে আমতলী থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


