হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে এনসিপি ফেনী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের ট্রাংক রোডে অবস্থিত ফেনী প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
ফেনী জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক, জেলা যুবশক্তির সদস্য সচিব জাহিদ হোসেন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সোহরাব হোসেন এবং প্রিন্স মাহমুদ আজিম।
বক্তারা হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাস কোনোভাবেই গণতান্ত্রিক চর্চার অংশ হতে পারে না। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতাদের ডাকা বিক্ষোভ সমাবেশ বাধাগ্রস্ত করতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি হবিগঞ্জ জেলা ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বালুবাহী ট্রাক দিয়ে সড়ক অবরোধের অভিযোগ তুলে এরও তীব্র প্রতিবাদ জানান তারা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবশক্তির আহ্বায়ক পারভেজ আহমেদ, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক রাজিব, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) ওমর ফারুক, যুগ্ম সদস্য সচিব বদরুদ্দোজা নোবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন ও নাহিদ রাব্বি, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব মাহফুজ আলম, জেলা যুবশক্তির সিনিয়র সংগঠক মোহসীন শুভ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন রাফি, জেলা এনসিপির গাজী বাপ্পি এবং জেলা ছাত্রশক্তির সাব্বির জামিল ও মেহেদী হাসান তামীমসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


