মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টির ৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৫ জন ট্যালেন্টপুল এবং ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের গৌরব আরও বৃদ্ধি করেছে।
এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সদ্য যোগদানকারী প্রধান শিক্ষিকা নাজনিন আক্তার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেন।
প্রধান শিক্ষিকা তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও বিদ্যালয়ের এমন সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৯৪০ সালে প্রতিষ্ঠিত মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষা প্রদানে সুনামের সঙ্গে কাজ করে আসছে। এবারের ফলাফলে বিদ্যালয়টি ফরিদগঞ্জ উপজেলার অন্যতম সেরা সাফল্য অর্জন করেছে। এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে আগামী দিনেও শিক্ষার্থীরা আরও বড় সাফল্য অর্জন করে বিদ্যালয় ও দেশের সুনাম বৃদ্ধি করতে পারে।


