রাঙামাটিতে ছাত্রদল নেত্রীর মামলায় সাবেক ছাত্রদলের নেতাসহ সাংবাদিক আটক
রাঙামাটির জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি’র জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী ও সাবেক এক ছাত্রদল নেতাকে আটক করে নিয়ে গেছে সাদা পোশাকধারী ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আটক করা হয়।
এদিকে, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সম্পাদক সাইরা চাকমার ঢাকায় দায়ের হওয়া সাইবার নিরাপত্তা আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার আব্দুর রকিব।
পুলিশ জানিয়েছে, সাইবার নিরাপত্তা আইনের মামলায় রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে ধরতে ঢাকা থেকে ডিবির একটি দল রাঙামাটি যায়।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সুমনকে ধরার সময় সাংবাদিক সৈকতের সাথে ডিবি পুলিশ সদস্যদের কথা কাটাকাটি হয়। পরে পুলিশ দু’জনকেই আটক করে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সাংবাদিক সৈকত রঞ্জুর চৌধুরীকে এখনো ছাড়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। এঘটনায় সাংবাদিক সমাজসহ পরিবার বর্গ গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিনা মামলায় ও বিনা ওয়ারেন্টে সাংবাদিক গ্রেফতার মানবাধিকার লঙ্ঘন ও আইনের অপব্যবহার বলে জানিয়ে সাংবাদিক নেতারা।
এবিষয়ে রাঙামাটি সাংবাদিক নেতারা জানিয়েছেন, সাংবাদিক সৈকত রঞ্জুর চৌধুরী কে নিঃশর্তে মুক্তি দিতে হবে। তা নাহলে মানববন্ধন সহ নানান কর্মসূচি ঘোষণা করা হবে।


