মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজি কমে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশজুড়ে
মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজি কমে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী
১৮ আগস্ট ২০২৬

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা স্থাপনের ফলে পরিবহন খাতে চাঁদাবাজির প্রবণতা কমে আসবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ‘অটো সুপার ফাইন সিস্টেম’ এআই ক্যামেরা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে পরিবহন খাতে যেকোনো ধরনের চাঁদাবাজির ঘটনা এখন ক্যামেরার নজরদারির আওতায় থাকবে। মালিকপক্ষ কিংবা শ্রমিকপক্ষ—যে পক্ষই চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকুক না কেন, ক্যামেরায় তার তথ্য ও কর্মকাণ্ড রেকর্ড থাকবে। ফলে অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া সহজ হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলাচল করতে দেওয়া হবে না। এসব যানবাহন বাজার, ফিলিং স্টেশন ও পিডার রোডে চলাচল করতে পারবে। নির্ধারিত নির্দেশনা অমান্য করে মহাসড়কে থ্রি-হুইলার চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নতুন এআই ক্যামেরা ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে যানবাহনের বিভিন্ন ধরনের আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে। এর মধ্যে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধভাবে গাড়ি পার্কিং এবং উল্টো পথে যান চলাচলের মতো অপরাধ রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোনো গাড়ি আইন লঙ্ঘন করলে সেটির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে মামলার তথ্য ও জরিমানার নোটিশ পাঠানো হবে। পরে ঘরে বসেই নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধের সুযোগ থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মহাসড়কে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো হলে চালকদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বাড়বে। একই সঙ্গে পরিবহন খাতে চাঁদাবাজি, অনিয়ম ও সড়ক নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণেও এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে।