ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

দেশজুড়ে
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু
২৯ আগস্ট ২০২৬

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারিয়েছেন আমিরুন্নেছা নামে এক নারী। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর লক্ষ্মীপুর থেকে ঢাকায় নেওয়ার পথে প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর দাউদকান্দিতে তার মৃত্যু হয়।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অ্যাম্বুলেন্সে থাকা নিহতের স্বজন তারেক আল হাসান।

নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া হয়। রাত ১১টার দিকে দাউদকান্দি এলাকায় পৌঁছালে তীব্র যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সটি। এরপর প্রায় চার ঘণ্টা সড়কে গাড়িটি প্রায় স্থবির অবস্থায় ছিল। শেষ পর্যন্ত রাত সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যান আমিরুন্নেছা।

এদিকে সংস্কারকাজকে কেন্দ্র করে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আশরিয়ারচর থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে আশরিয়ারচরে ঢাকামুখী লেনে সংস্কারকাজ শুরু হলে যানজট ছড়িয়ে পড়ে। শনিবার (২৯ আগস্ট) দুপুর পর্যন্ত পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

দীর্ঘ সময় যানজটে আটকে থাকা যাত্রীরা জানান, প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বাস ও অন্যান্য যানবাহনে বসে থাকতে হচ্ছে। এতে নারী, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রী খাবার ও পানির সংকটেও পড়েছেন।

চট্টগ্রাম থেকে বাগেরহাটগামী একটি পরিবহনের যাত্রীরা জানান, রাত আড়াইটার দিকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় যানজটে আটকা পড়েন তারা। সকাল ৮টা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে আমিরাবাদে পৌঁছাতে সক্ষম হন।

সুরমা পরিবহনের চালক রিপন মিয়া বলেন, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক। এ ধরনের গুরুত্বপূর্ণ সড়কে সংস্কারকাজ করার আগে যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রচণ্ড গরমে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বাসের মধ্যে অসহায় অবস্থায় রয়েছেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, যানজটে আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যুর বিষয়ে পুলিশকে কেউ জানায়নি। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন তারা। ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম জানান, আশরিয়ারচরে ঢাকামুখী লেনে সংস্কারকাজ শুরু হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজট এখনও রয়েছে। যাত্রী ও চালকদের দুর্ভোগ কমাতে হাইওয়ে পুলিশ কাজ করছে।