আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
দেশের চিকিৎসক ও নার্স সংকট কমাতে আগামী তিন মাসের মধ্যে সাড়ে ৭ হাজার চিকিৎসক এবং সমসংখ্যক নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশের হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সের ঘাটতি রয়েছে। এ সংকট দ্রুত কাটিয়ে উঠতে বড় পরিসরে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যেই এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, বর্তমানে টিকা না নেওয়া শিশুরাই তুলনামূলক বেশি হামে আক্রান্ত হচ্ছে। শিশুদের হাম থেকে সুরক্ষা দিতে চলতি মাসেই আবারও বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান উন্নত হয়েছে। রোগীদের উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সুরক্ষা আইন প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।


