আবু সাঈদ হত্যা: ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ট্রাইব্যুনালে শুনানি বৃহস্পতিবার

অপরাধ
আবু সাঈদ হত্যা: ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ট্রাইব্যুনালে শুনানি বৃহস্পতিবার
নিউজ ডেস্ক
২৬ জুন ২০২৫

গত বছরের জুলাই মাসে রংপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর সময় গুলিবিদ্ধ হয়ে নিহত আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে প্রস্তুতকৃত প্রতিবেদন বুধবার (২৪ জুন) ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে জমা দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আবু সাঈদ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে মোট ৩০ জনের বিরুদ্ধে। প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে এবং আগামী বৃহস্পতিবার (২৭ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মামলায় চারজন আসামি ইতোমধ্যে কারাগারে রয়েছেন। তারা হলেন—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগের স্থানীয় নেতা ইমরান চৌধুরী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সামনের পার্ক মোড়ে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। তাকে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘটনার পর থেকেই দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং দোষীদের বিচারের দাবিতে ওঠে তীব্র গণআন্দোলন।