ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে চীনের শ্যানডং প্রদেশের দুটি শীর্ষস্থানীয় ব্যাংক ও একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। প্রকল্পের চলমান আর্থিক জটিলতা নিরসন এবং নির্মাণকাজ দ্রুত সম্পন্নের লক্ষ্যে বাংলাদেশ সেতু বিভাগের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই)-এর শেয়ার হস্তান্তরসংক্রান্ত আইনি জটিলতা নিয়ে বর্তমানে সিঙ্গাপুরে সালিশি কার্যক্রম চলছে। এ জটিলতার কারণে গত দুই বছরের বেশি সময় ধরে প্রকল্পে অর্থায়নকারী দুটি চীনা ব্যাংকের ঋণের কিস্তি ছাড় বন্ধ রয়েছে।
তবে ঋণের অর্থ ছাড় বন্ধ থাকলেও এ সময় প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ পরিস্থিতিতে গত ২৯ জুলাই সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে তার কার্যালয়ে চীনের শ্যানডং প্রদেশের দুটি ব্যাংক ও একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে।
বৈঠকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিকল্প অর্থায়নের সম্ভাবনা এবং দ্রুত নির্মাণকাজ সম্পন্নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সেতু সচিব বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক অংশ চালুর পর প্রত্যাশার চেয়েও বেশি যানবাহন চলাচল করছে। পুরো প্রকল্প চালু হলে বিনিয়োগ করা অর্থ পুনরুদ্ধারের সম্ভাবনা আরও বাড়বে।
বৈঠকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ, প্রধান প্রকৌশলী এ এইচ এম এস আকতার এবং চীনা প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।


