আগস্টের ৩০ দিনে রেমিট্যান্স এল প্রায় ৩ বিলিয়ন ডলার
চলতি আগস্টের প্রথম ৩০ দিনে দেশে ২৮৩ কোটি বা ২ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৪ হাজার ৮০৯ কোটি টাকা।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম দিন থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশে ২৮৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২২২ কোটি ৯০ লাখ ডলার।
সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি আগস্টে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৯ শতাংশ।
৮ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স
এদিকে আগস্টের প্রথম ২৯ দিনে দেশের আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।
ব্যাংকগুলো হলো—রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি।
এ ছাড়া বিদেশি খাতের ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমেও এ সময়ে কোনো রেমিট্যান্স দেশে আসেনি।
রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার সরবরাহ ও দেশের সামগ্রিক বৈদেশিক লেনদেনের ওপর ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


