মিনা কুমারীর বায়োপিকে কিয়ারা আদভানির সম্ভাব্য অভিনয়, বলিউডে নতুন আলোচনার ঝড়

বিনোদন
মিনা কুমারীর বায়োপিকে কিয়ারা আদভানির সম্ভাব্য অভিনয়, বলিউডে নতুন আলোচনার ঝড়
নিউজ ডেস্ক
২৪ জুন ২০২৫

হিন্দি চলচ্চিত্রের ট্র্যাজেডি কুইন মিনা কুমারীর জীবন বড় পর্দায় আসছে—এই ঘোষণায় বলিউডে তৈরি হয়েছে জোর আলোচনা। কিংবদন্তি এই অভিনেত্রীর জীবন অবলম্বনে বায়োপিক নির্মাণ করছেন পরিচালক সিদ্ধার্থ পি. মালহোত্রা, যৌথভাবে সারেগামা এবং আমরোহি পরিবারের সঙ্গে অধিকার কিনে।

বিশ্বস্ত সূত্র জানায়, মিনা কুমারীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। চিত্রনাট্য শুনে তিনি ইতিবাচক সাড়া দিলেও এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। যদি তিনি সাইন করেন, এটি হবে মাতৃত্বকালীন বিরতির পর তার প্রথম সিনেমা।

মিনা কুমারীর মতো আবেগপ্রবণ ও জটিল চরিত্রে অভিনয় নিঃসন্দেহে কিয়ারার জন্য একটি নতুন মাত্রার কাজ হতে যাচ্ছে। ‘ওয়ার ২’ ও ‘টক্সিক’-এর মতো বাণিজ্যিক সিনেমার পর এমন একটি সংবেদনশীল বায়োপিক বেছে নেওয়ায় বলিউডে তার বিভিন্ন ধারার চরিত্রে অভিনয়ের সক্ষমতা আরও দৃঢ়ভাবে প্রতিভাত হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নতুন জল্পনার জন্ম দিয়েছে আরেকটি প্রশ্ন—মিনা কুমারীর প্রাক্তন স্বামী ও বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা কামাল আমরোহির ভূমিকায় কাকে দেখা যাবে? কারণ, এই সম্পর্কই ছিল মিনা কুমারীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও নাটকীয় অধ্যায়। চলচ্চিত্রের আবেগময়তা নির্ভর করবে এই দুই চরিত্রের রসায়নের ওপর।

চলচ্চিত্রটি কোথায় মুক্তি পাবে—তা এখনো চূড়ান্ত নয়। তবে ইঙ্গিত মিলেছে, বড় বাজেটের এই বায়োপিক ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেতে পারে, যাতে বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছানো যায়।