বাংলাদেশের ওষুধ দিয়ে চাহিদা মেটাতে চায় ফিলিপাইন

স্বাস্থ্য
বাংলাদেশের ওষুধ দিয়ে চাহিদা মেটাতে চায় ফিলিপাইন
৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতা কাজে লাগিয়ে নিজেদের ওষুধের চাহিদা পূরণে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ফিলিপাইন। একই সঙ্গে দুই দেশের বাণিজ্যিক ও জনসম্পর্ক আরও জোরদার করতে ঢাকা-ম্যানিলার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা করেন ফিলিপাইনের রাষ্ট্রদূত। বৈঠকে দুই দেশের স্বাস্থ্যসেবা খাত এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যব্যবস্থার সংস্কারে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে বিদ্যমান স্বাস্থ্যসেবার বাস্তবচিত্র পর্যালোচনা করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, হাসপাতালগুলোতে আধুনিক ও অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের মাধ্যমে দেশের চিকিৎসাসেবার মান উন্নত বিশ্বের পর্যায়ে নেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে।

এ সময় বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে নার্সিং শিক্ষার মানোন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়েও আলোচনা হয়।

ফিলিপাইনের রাষ্ট্রদূত জানান, দেশটির মোট ব্যবহৃত ওষুধের ৬৭ শতাংশই পশ্চিমা দেশগুলো থেকে আমদানি করতে হয়। এ অবস্থায় বাংলাদেশের শক্তিশালী ওষুধশিল্পকে কাজে লাগিয়ে ফিলিপাইনের ওষুধের চাহিদা পূরণে সহযোগিতা চান তিনি।

রাষ্ট্রদূত আরও বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। এ জন্য ঢাকা ও ম্যানিলার মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি।