২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সারা দেশে আবারও বড় পরিসরে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নতুন করে যেসব শিশু হামে আক্রান্ত হচ্ছে, তাদের বড় একটি অংশ এখনো টিকা নেয়নি বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
টিকার আওতায় আসেনি এমন শিশুদের গুরুত্ব
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে নতুন করে হামে আক্রান্ত শিশুদের বেশিরভাগই এখনো হামের টিকা নেয়নি। এসব শিশুকে টিকার আওতায় আনতেই আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী নতুন করে বড় পরিসরে টিকাদান কার্যক্রম শুরু হবে।
তিনি জানান, টিকার বাইরে থাকা শিশুদের জন্য ইউনিসেফ থেকে নতুন করে টিকা এসেছে। এসব টিকা ব্যবহার করেই নির্ধারিত তারিখ থেকে দেশজুড়ে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
এক কোটির বেশি টিকা সংগ্রহ
হামের প্রকোপ মোকাবিলার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার সময় পর্যাপ্ত টিকা না থাকায় শুরুতে পরিস্থিতি সামাল দিতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এক কোটির বেশি টিকা সংগ্রহ করে টিকাদান কর্মসূচি পরিচালনা করেছে।
নতুন ক্যাম্পেইনের মাধ্যমে টিকার বাইরে থাকা শিশুদের দ্রুত শনাক্ত করে টিকাদানের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ডেঙ্গু নিয়েও সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
এদিকে দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়ার বিষয়েও কথা বলেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বাসাবাড়ির ফুলের টবসহ বিভিন্ন পাত্রে পানি জমে থাকলে সেখানে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। ফলে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বাড়ে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, শুধু রাজধানী নয়, দেশের মফস্বল এলাকাগুলোতেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি চালু করা হয়েছে।
আত্মহত্যা প্রতিরোধে সরকারি উদ্যোগ
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতেও অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সেমিনারে তিনি বলেন, দেশে আত্মহত্যার প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার কাজ করছে।
এসোসিয়েশন ফর ডিজএবল্ড পিপল (এডিপি) ও রোটারি ক্লাব অব আহসান মঞ্জিল ঢাকা আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন এডিপির চেয়ারম্যান রওশন আরা জামান।


