যুক্তরাষ্ট্রের ইরান হামলাকে ‘নির্লজ্জ আগ্রাসন’ বলল হামাস
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি এই হামলাকে ‘নির্লজ্জ আগ্রাসন’ বলে উল্লেখ করে দাবি করেছে, এটি আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।
এদিকে এই হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘও। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, “এই হামলা সংঘাতের ভয়াবহ বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।” তিনি সতর্ক করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তা বেসামরিক মানুষের জন্য ‘মারাত্মক বিপর্যয়’ ডেকে আনতে পারে।
গুতেরেস আরও বলেন, “এখনই কূটনৈতিক উদ্যোগই একমাত্র পথ, যা এই সংঘাত থামিয়ে শান্তির পথ দেখাতে পারে।”
এর আগে স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে এবং সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি ইরানকে আরও হামলার হুমকিও দিয়েছেন।
উল্লেখ্য, ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধের মধ্যে গত কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এরই মাঝে ইরানে মার্কিন এই সরাসরি হামলা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।


