নেতানিয়াহু ‘মহান নায়ক’, বিচার বাতিল চান ট্রাম্প
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাকে ‘উইচ-হান্ট’ বা উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসার বিচার বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, “নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা তাকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা দেওয়া হোক।” তিনি নেতানিয়াহুকে “মহান নায়ক” বলে উল্লেখ করেন, যিনি ইসরায়েলের জন্য “অসাধারণ অবদান রেখেছেন” বলেও মন্তব্য করেন।
২০১৯ সালে ঘুস, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়। তার বিচার শুরু হয় ২০২০ সালে, যা এখনো চলমান। চলতি মাসের ৩ জুন থেকে শুরু হওয়া জেরা পর্ব দীর্ঘ সময় ধরে চলতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম।
ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ জানিয়েছেন, নেতানিয়াহুর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ক্ষমার আবেদন জমা পড়েনি, এবং এই বিষয়ে কোনো আলোচনাও হয়নি।
নেতানিয়াহুকে প্রকাশ্যে সমর্থন জানালেও এর আগের দিনই ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছিলেন ট্রাম্প। তিনি বলেন, “যুদ্ধবিরতির পরপরই ইসরায়েল ইরানে এমনভাবে বোমা বর্ষণ করেছে—যা আগে দেখিনি। এতে আমি মোটেও খুশি নই।”
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্য মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ, বিশেষ করে ২০২4 সালের নির্বাচনে ইহুদি ভোটারদের মনোভাবের দিকে লক্ষ্য রেখে এমন অবস্থান নিচ্ছেন তিনি।


