ইরানের ‘গোপন’ সামরিক প্রধানকে নিয়ে মোসাদের ব্যঙ্গ, অনলাইনে প্রচারণা জোরদার

ইরানের ‘গোপন’ সামরিক প্রধানকে নিয়ে মোসাদের ব্যঙ্গ, অনলাইনে প্রচারণা জোরদার

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের মহড়া। পুরোনো ছবি

নিউজ ডেস্ক
২ জুলাই ২০২৫

ইরানের নতুন যুদ্ধ কমান্ডারের পরিচয় গোপন রাখার সিদ্ধান্তকে ঘিরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কটাক্ষ করেছে তেহরানকে। এক্স (পূর্বের টুইটার)-এ প্রকাশিত একটি পোস্টে তারা ইরানি জনগণকে উদ্দেশ করে ব্যঙ্গ করে বলেছে— “আমরা জানি তিনি কে, তাকে ভালোভাবেই চিনি।”

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, মঙ্গলবার (১ জুলাই) ইরানবিরোধী অনলাইন প্রচারণা আরও তীব্র করে মোসাদ। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি-র এক প্রতিবেদনকে কেন্দ্র করে মোসাদের ফার্সি ভাষার অ্যাকাউন্ট থেকে ব্যঙ্গাত্মক ওই পোস্ট করা হয়।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (IRGC) অধীনে থাকা খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের নতুন কমান্ডারের নাম প্রকাশ করা হবে না। নিরাপত্তা এবং মিশনের গোপনীয়তা রক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর জবাবে মোসাদের ফার্সি এক্স অ্যাকাউন্টে লেখা হয়,

“আমরা জানি তিনি কে এবং আমরা তাকে ভালোভাবে চিনি। দুঃখজনকভাবে, এমন একটি মৌলিক তথ্য ইরানি জনগণের কাছ থেকে গোপন রাখা হয়েছে। আপনারা কী মনে করেন, কে হতে পারেন তিনি?”

মোসাদের এই পোস্টটি ছিল সেদিনের দ্বিতীয় বড় ধরনের টুইট। তাসনিমের প্রতিবেদন প্রকাশের অল্প সময়ের মধ্যেই এটি প্রকাশ করা হয়।

জানা গেছে, ইসরায়েলি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলায় খাতাম আল-আম্বিয়ার পূর্বের দুই শীর্ষ সামরিক কর্মকর্তা সম্প্রতি নিহত হন। এরপরই নতুন কমান্ডারের পরিচয় গোপন রাখার কঠোর সিদ্ধান্ত নেয় তেহরান।

এর আগেও মোসাদের ফার্সি অ্যাকাউন্ট থেকে আরও বিতর্কিত দাবি করা হয়। একটি পোস্টে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নাকি আত্মসমর্পণ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনার অনুমোদন দিয়েছেন। পোস্টে বলা হয়, “ইসলামিক প্রজাতন্ত্রের পতনের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে।”

বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের অনলাইন প্রচারণা মূলত তথ্য যুদ্ধের অংশ, যার মাধ্যমে ইরান ও ইসরায়েল পারস্পরিক চাপ তৈরির কৌশল নিয়েছে।