টিকটকের মালিকানা নিয়ে চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্র-চীন আলোচনা: ট্রাম্প
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক নিয়ে মার্কিন প্রশাসনের অবস্থান আরও শক্ত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, টিকটকের মালিকানা পরিবর্তন সংক্রান্ত বিষয়ে এই সপ্তাহেই চীনের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা হতে যাচ্ছে।
শুক্রবার এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,
“সোমবার বা মঙ্গলবার প্রেসিডেন্ট শি জিনপিং অথবা তার প্রতিনিধি দলের সঙ্গে টিকটক ইস্যুতে আলোচনা হতে পারে। তবে, চুক্তি অনেকটাই চূড়ান্ত।”
ট্রাম্প ইতিমধ্যে বাইটড্যান্সকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন যুক্তরাষ্ট্রে থাকা টিকটকের সকল সম্পদ বিক্রি করে দেওয়ার জন্য। তিনি বলেন,
“এই চুক্তি বাস্তবায়নের জন্য চীনের সম্মতি প্রয়োজন। আমরা বিশ্বাস করি, এই সমঝোতা উভয় দেশের জন্যই লাভজনক হবে।”
এ বিষয়ে চূড়ান্ত আলোচনার জন্য ট্রাম্প নিজে চীন সফর করতে পারেন বা প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানাতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন। গত মাসে দুই নেতা একে অপরকে নিজ নিজ দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকরে ট্রাম্প এর আগেও তিন দফা নির্বাহী আদেশ দিয়েছেন। সর্বশেষ আদেশ অনুযায়ী, বাইটড্যান্স যদি নির্ধারিত সময়সীমার মধ্যে মার্কিন বাজারে তাদের শাখা বিক্রি করতে ব্যর্থ হয়, তবে টিকটক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে।
চলতি বছর টিকটকের মালিকানা মার্কিন বিনিয়োগকারীদের হাতে তুলে দিয়ে একটি নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা চলছিল। তবে চীনের আপত্তিতে সেই আলোচনা স্থগিত হয়, বিশেষ করে ট্রাম্প প্রশাসন যখন চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেয়।
বিশ্লেষকরা মনে করছেন, কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও টিকটকের ভবিষ্যৎ নির্ধারণে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে দুই দেশ। তবে এখন পর্যন্ত চুক্তির নির্দিষ্ট কাঠামো বা মার্কিন ক্রেতার নাম প্রকাশ করা হয়নি।


