আর্থিক কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্রে আটক মোদি

আর্থিক কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্রে আটক মোদি
নিউজ ডেস্ক
৫ জুলাই ২০২৫

ভারতের বহুল আলোচিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) জালিয়াতি মামলায় বড় অগ্রগতি এসেছে। প্রায় ১৪ হাজার কোটি রুপি (প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার) অর্থ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন নেহাল দীপক মোদি, যিনি কেলেঙ্কারির মূল হোতা নীরব মোদির ভাই।

সিবিআই ও ইডির অনুরোধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ জুলাই) তাকে আটক করে মার্কিন কর্তৃপক্ষ। এনডিটিভির এক প্রতিবেদন অনুসারে, গ্রেপ্তার হওয়া নেহাল মোদিকে শিগগিরই ভারতের হাতে তুলে দেওয়ার আইনি প্রক্রিয়া শুরু হবে।

নেহাল মোদির বিরুদ্ধে অভিযোগ, তিনি কেবল ভাই নীরব মোদিকে সহায়তা করেননি, বরং অর্থ পাচার, প্রমাণ নষ্ট ও তদন্তে বাধা দেওয়ার মতো গুরুতর অপরাধে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তদন্তে আরও উঠে এসেছে, তিনি শেল কোম্পানি এবং বিদেশি একাউন্ট ব্যবহার করে জালিয়াতির অর্থ অন্যত্র সরিয়ে ফেলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পলাতক থাকা অবস্থায় নেহাল মোদি ইন্টারপোল নোটিশ চ্যালেঞ্জ করলেও তা খারিজ হয়ে যায়। তার বিরুদ্ধে ১৭ জুলাই পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে। তবে জামিন পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ মার্কিন প্রসিকিউশন জামিনের বিরোধিতা করার কথা জানিয়েছে।

২০১৮ সালের জানুয়ারিতে ফাঁস হওয়া এ জালিয়াতির ঘটনায়, পিএনবির মুম্বাই ব্র্যাডি হাউস শাখার কিছু কর্মকর্তার সহায়তায় নীরব মোদি ও মেহুল চোকসি মিলে হাজার হাজার কোটি রুপি আত্মসাৎ করেন।

  1. নীরব মোদির বিরুদ্ধে ৬,৪৯৮ কোটি রুপি

  2. মেহুল চোকসির বিরুদ্ধে ৭,০৮০ কোটি রুপি পাচারের অভিযোগ

বর্তমানে নীরব মোদি যুক্তরাজ্যে বন্দি এবং ভারতের হাতে প্রত্যর্পণ ঠেকাতে লড়াই চালিয়ে যাচ্ছেন। চোকসি আটক রয়েছেন অ্যান্টিগায়।

বিশ্লেষকরা বলছেন, নেহালের গ্রেপ্তার ভারতের জন্য কূটনৈতিক ও তদন্তের দিক থেকে বড় জয়। এটি শুধু এ মামলার গতি বাড়াবে না, বরং বিদেশে পালিয়ে থাকা অন্যান্য অভিযুক্তদের ফিরিয়ে আনার পথও সুগম করবে।