৭০০ দিনের বন্দিত্বে ইমরান খান, ছেলের কণ্ঠে ক্ষোভ: “এটা ন্যায়বিচার নয়, পরিকল্পিত ভাঙন”

৭০০ দিনের বন্দিত্বে ইমরান খান, ছেলের কণ্ঠে ক্ষোভ: “এটা ন্যায়বিচার নয়, পরিকল্পিত ভাঙন”
নিউজ ডেস্ক
৮ জুলাই ২০২৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান কারাগারে আছেন প্রায় দুই বছর ধরে। তার এই দীর্ঘ বন্দিত্বের সময় পরিবারের পক্ষ থেকে একাধিকবার উদ্বেগ প্রকাশ করা হলেও এবার প্রথমবারের মতো সরাসরি মুখ খুলেছেন তার ছেলে কাসিম খান।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে কাসিম খান লিখেছেন, “একজন মানুষ, যিনি ন্যায়ের শাসন ও গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিলেন, তাকে ভেঙে ফেলার জন্য পরিকল্পিতভাবে একা রাখা হচ্ছে। এটি কোনো ন্যায়বিচার নয়, বরং একটি ষড়যন্ত্র।”

তিনি অভিযোগ করেন, ইমরান খানকে তার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এতে করে তার স্বাস্থ্যের অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। কাসিম জানান, আদালতের আদেশ থাকলেও পরিবার সাপ্তাহিক যোগাযোগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বাস্তবে তারা দুই-তিন মাসে একবারই কথা বলতে পারেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কাসিম আরও দাবি করেন, ইমরান খানকে মাঝে মাঝে সম্পূর্ণ অন্ধকার কক্ষে রাখা হয়, যা মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন। “টানা ১০ দিন কোনো আলো ছাড়া একটি ঘরে রাখা হয়েছিল বাবাকে। এটা শারীরিক ও মানসিক নিপীড়নের শামিল,” বলেন তিনি।

এর আগে কাসিম ও তার ভাই সুলায়মান প্রথমবারের মতো এক আন্তর্জাতিক সাক্ষাৎকারে অংশ নিয়ে বাবার কারাবাস ও শারীরিক অবস্থার ওপর গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।

পাকিস্তানে ইমরান খানের গ্রেফতার এবং বিচার নিয়ে বিরোধীদলীয় রাজনীতিকরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এবার পরিবারের পক্ষ থেকেও স্পষ্ট ভাষায় সেই অভিযোগই উঠে এলো।