ইরাকের কুত শহরের শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬১ জন নিহত

ইরাকের কুত শহরের শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬১ জন নিহত
নিউজ ডেস্ক
১৭ জুলাই ২০২৫

ইরাকের ওয়াসিত প্রদেশের কুত শহরে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে অনেকের মরদেহ এমনভাবে পুড়ে গেছে যে শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

রাতভর চলা এ অগ্নিকাণ্ডে শহরের একটি পাঁচতলা শপিংমল ও রেস্তোরাঁ সম্পূর্ণ ভস্মীভূত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, দুর্ঘটনাস্থল থেকে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ৪৫ জনকে জীবিত উদ্ধার করেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি জানান, ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে। এ ছাড়া, দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

দুর্ঘটনার সময় শপিংমল ও রেস্তোরাঁয় বহু মানুষ কেনাকাটা ও রাতের খাবার খেতে এসেছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।