অবসরে যাচ্ছে মিগ-২১, আসছে ভারতের নিজস্ব যুদ্ধবিমান ‘তেজস এমকে১এ’
দীর্ঘ ছয় দশকের সেবা শেষে ভারতীয় আকাশসীমা থেকে চিরবিদায় নিতে যাচ্ছে যুদ্ধবিমান মিগ-২১। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই বিমানটি সম্পূর্ণরূপে অবসর নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে মিগ-২১ এর সংখ্যা মাত্র ৩৬টি। এই রুশ নির্মিত যুদ্ধবিমান এক সময় ভারতীয় আকাশ প্রতিরক্ষার প্রধান ভরসা হিসেবে পরিচিত ছিল।
১৯৬৩ সালে ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হওয়া মিগ-২১ ছিল ভারতের প্রথম সুপারসনিক যুদ্ধবিমান। একসময় ৯০০টিরও বেশি মিগ-২১ ব্যবহার করেছে ভারত, যার মধ্যে ৬৬০টির বেশি দেশেই তৈরি হয়েছিল।
তবে দীর্ঘদিনের ব্যবহারে এই বিমানকে ঘিরে রয়েছে নানা বিতর্ক এবং দুর্ঘটনার ইতিহাস। ২০২৩ সালে রাজস্থানে এক মিগ-২১ বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়, যা বিমানটির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তোলে।
মিগ-২১ এর সঙ্গে জড়িয়ে আছে একাধিক স্মরণীয় অধ্যায়। ২০১৯ সালে বালাকোট অভিযানের পর পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেন গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান, যিনি তখন স্কোয়াড্রন ৫১-এর সদস্য ছিলেন। পরবর্তীতে ওই স্কোয়াড্রনকেও অবসরে পাঠানো হয়।
মিগ-২১ এর জায়গা পূরণ করতে ভারত প্রস্তুত করছে নিজেদের তৈরি তেজস এমকে১এ যুদ্ধবিমান। উন্নত প্রযুক্তির এই বিমানগুলো ইতিমধ্যে বিমানবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে।
এছাড়া ভারত পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার তৈরির কাজেও অগ্রসর হয়েছে। এই প্রকল্প সফল হলে ভারতের অবস্থান আরও মজবুত হবে বৈশ্বিক সামরিক প্রযুক্তির দুনিয়ায়।
বিশ্লেষকরা মনে করছেন, মিগ-২১ এর অবসর একটি যুগের সমাপ্তি হলেও, ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য এটি নতুন সম্ভাবনার দ্বারও খুলে দিচ্ছে।


