পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে, যুদ্ধের প্রস্তুতিও সম্পূর্ণ: ইরান

পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে, যুদ্ধের প্রস্তুতিও সম্পূর্ণ: ইরান
নিউজ ডেস্ক
২৩ জুলাই ২০২৫

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পশ্চিমা ও ইসরাইলি নেতাদের কঠোর উসকানিমূলক বক্তব্যের পর স্পষ্ট করেছেন, ইরান তার পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক আইনের অধীনে অব্যাহত রাখবে এবং প্রয়োজনে সামরিক প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত।

গত মঙ্গলবার (২২ জুলাই) আল জাজিরার কাছে দেয়া এক প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের পরমাণু সক্ষমতা শুধুমাত্র স্থাপনার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের বিজ্ঞানীদের মধ্যে নিহিত। যারা মনে করেন, আমাদের কর্মসূচির ইতি ঘটেছে তারা বিভ্রান্ত।”

তিনি আরও উল্লেখ করেন, ইসরাইলের যেকোনো নতুন সামরিক পদক্ষেপের বিরুদ্ধে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং তাদের সশস্ত্র বাহিনী ইসরাইলের গভীরে কড়া আঘাত হানতে সক্ষম।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান ও পরবর্তী ক্ষেপণাস্ত্র হামলার পর ১২ দিনের সংঘাত শেষ হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায়। যদিও ট্রাম্প দাবি করেন, মার্কিন হামলায় ইরানের তিনটি পরমাণু স্থাপনা ধ্বংস হয়েছে, তবে গোয়েন্দা প্রতিবেদনে তেমন ক্ষতি হয়নি বলে বলা হয়।

ইরানি প্রেসিডেন্টের মতে, পরমাণু অস্ত্র তৈরি ইরানের নীতিগত উদ্দেশ্য নয় এবং দেশটি আন্তর্জাতিক পরমাণু সংস্থার কঠোর নজরদারির মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। তিনি যোগ করেন, “সব আলোচনা সমতার ভিত্তিতে হতে হবে এবং আমাদের শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রমের অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে।”

বিজ্ঞান ও নিরাপত্তার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ইরান তার অবস্থান শক্ত করে রেখেছে, যা মধ্যপ্রাচ্যে সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে।