গাজায় প্রতি তিনজনের একজন দিনের পর দিন না খেয়ে থাকছে: জাতিসংঘ
গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) সতর্ক করে জানিয়েছে, গাজার প্রায় প্রতি তিনজনের একজন মানুষ প্রতিদিন খাবার না খেয়ে দিন পার করছেন।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অঞ্চলটিতে অপুষ্টির হার ভয়াবহভাবে বেড়েছে এবং বর্তমানে অন্তত ৯০ হাজার নারী ও শিশুকে জরুরি চিকিৎসার প্রয়োজন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, শুক্রবার (২৫ জুলাই) অপুষ্টিজনিত কারণে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শুধুমাত্র অপুষ্টিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জনে।
গাজায় মানবিক সহায়তার প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, খাদ্য প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই এবং এলাকাটিতে সংকটের জন্য হামাসই দায়ী।
জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য এক যৌথ বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে মানবিক সহায়তার ওপর থেকে বাধা তুলে নিতে আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, “বেসামরিক জনগণের জন্য জরুরি সহায়তা আটকে রাখা অগ্রহণযোগ্য।”
একদিকে যুক্তরাজ্য গাজায় আকাশপথে ত্রাণ সরবরাহের পরিকল্পনা ঘোষণা করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জানিয়েছেন, তার দেশ এয়ারড্রপের মাধ্যমে ত্রাণ সরবরাহে অংশ নেবে। তবে জাতিসংঘ বলছে, এটি “ইসরায়েলের দায় এড়ানোর কৌশল” এবং কার্যকর কোনো সমাধান নয়।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও নির্লিপ্ততা ভয়াবহ।” তিনি জানান, গত মে মাস থেকে খাদ্য সংগ্রহ করতে গিয়ে ১,০০০–এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।


