ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ইসরায়েলের

ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ইসরায়েলের
নিউজ ডেস্ক
২৮ জুলাই ২০২৫

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। পাশাপাশি, ইরানে নতুন করে হামলারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার (২৭ জুলাই) দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন।

খবরে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘনিষ্ঠ সূত্র ও দৈনিক ইয়েদিওথ আহরোনোথের বরাতে জানা গেছে, মন্ত্রী কাটজ বলেন,
“আমি এখান থেকেই স্বৈরশাসক খামেনিকে সরাসরি বার্তা দিতে চাই। যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে। এবার আরও শক্তভাবে—এবং আপনি নিজেও ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু হবেন।”

ইসরায়েলের এই মন্তব্যের পর তাৎক্ষণিকভাবে তেহরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা করে। ওই সংঘাত শেষ পর্যন্ত ১২ দিন স্থায়ী হয় এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরণের সরাসরি হুমকি মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে আঞ্চলিক মিত্রদের অবস্থানও পরিবর্তিত হতে পারে।